কুলাউড়ায় গ্রীলকাটা চোর চক্র তৎপর, জনমনে আতংক

January 23, 2019,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া পৌর এলকায় কয়েকদিন থেকে গ্রীলকাটা চোর চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। চোরের উপদ্রবে স্থানিয় বাসা-বাড়ীর লোকজন ও ভারাটিয়াদের মধ্যে আতংক বিরাজ করছে। বিশেষ করে চোরেরা তালাবদ্ধ বাসা-বাড়ী টার্গেট করে হানা দিয়ে আসবাবপত্র তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছে। স্থানিয়দের ধারনা সঙ্গবদ্ধ এই চক্রটি অত্যাধনিক যন্ত্রপাতি ব্যাবহার করছে কারন এক বাসায় পাশাপাশি থাকার পরও চুরির ঘটনা অন্য ফ্লাটের লোকজন আঁচ করতে পারে না। সব মিলিয়ে চোরের উপদ্রবে এখন আতংকিত কুলাউড়া পৌর এলাকার লোকজন। এসব বিষয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা জোরদার করার দাবিও জানিয়েছেন তারা।

কুলাউড়া সরকারী কলেজের উপাধ্যক্ষ ও সাপ্তাহিক হাকালুকির সম্পাদক মোঃ আব্দুল হান্নান জানান, কুলাউড়া থানা রোডের তার লন্ডন প্রবাসী ভগ্নিপতি মরহুম সোনাওর মিয়ার শোভন ভিলা তালাবদ্ধ বাসায় এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। ১৯ জানুয়ারী শনিবার বাসার দরজা খুলে ভেতরে ঢুকে সকল আলমীরা খোলা ও তছনছ অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করলে এসআই ইয়াছিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

বৃহস্পতিবার ১৭ জানুয়ারী পৌর এলাকার বাদে মনসুরস্থ সাংবাদিক মোঃ তারেক হাসান এর বাসায় একইভাবে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। তালাবদ্ধ বাসার জানালার গ্রীল কেটে চোরেরা ঘরে প্রবেশ করে মালামাল তছনছ করেছে। পরে খবর পেয়ে কুলাউড়া থানার এসআই দিদার ঘটনাস্থল পরিদর্শন করেন। অনুরুপ ভাবে কয়েক বছর পূর্বে একই কৌশলে চোর চক্র তার বাসায় প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। তখন মামলা করা হলেও কোন মালামাল উদ্ধার হয়নি এখনো।

বৃহস্পতিবার দক্ষিণ বাজার বাসস্ট্যান্ড সংলগ্ম বিজন দেবের (তারিনি ড্রাইভার বাড়ি) ভাড়াটিয়া এক শিক্ষিকার বাসায় রাতে চুরি সংগঠিত হয়। তিনি জানান চোর চক্র জানালার লক ভেঙ্গে ঘরের ভেতর থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

সপ্তাহ খানেক আগে উত্তরবাজার হাসপাতালের সম্মুখে চৌধুরী ম্যানশন ৪র্থ তলায় রাতের বেলা হানা দিয়ে চোরেরা প্রবাসি নুরুজ্জামান নামে এক ভাড়াটিয়ার ঘর থেকে কৌশলে জানালা খুলে ল্যাপটপ, ট্যাবসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

কয়েকদিন পূর্বে সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়ার কুলাউড়া কলেজ রোডের কাছিম নগরস্থ বাড়িতে চোরেরা হানা দেয়। তিনি জানান রান্নাঘরের দরজার থালা ভেংগে ঘরের ভিতর ঢুকে আলমারী ভেংগে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে চোরেরা পালিয়ে যায়। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

সম্প্রতি থানা রোডের সাংবাদিক এস আলম সুমনের বাসায় পেছনের গেটের গ্রীলের কড়া ভেংগে ঘরে প্রবেশ করে চোর চক্র নগদ টাকা স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। তিনি জানান এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও কোন মালামাল উদ্ধার হয়নি এখনো।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মুসা গত সোমবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় চুরি রোধে পুলিশের পাশাপাশি স্থানিয়ভাবে পাহারার ব্যবস্থাসহ বাসা বাড়ির মালিকদের সতর্ক থাকার পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com