শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু : নাটক ‘শঙ্খচিল’ মঞ্চায়ন

April 6, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ উচ্ছ্বাস থিয়েটারের ২২ বছর পূর্তি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে তিন দিনব্যাপী নাট্যোৎসব। বৃহস্পতিবার ৪ এপ্রিল  শুরু হওয়া এ নাট্যোৎসব শেষ হবে শনিবার।

বৃহস্পতিবার রাতে উচ্ছ্বাস থিয়েটারের আয়োজনে শহরের ভানুগাছ সড়কের মহসিন অডিটরিয়ামে নাট্যোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক খন্দকার শাহ আলম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার সিলেট বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, কবি ও সাহিত্যিক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ পরিচালক ডা. হরিপদ রায়, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর  সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য অনিরুদ্ধ ধর শান্তনু সহ শ্রীমঙ্গলের বিভিন্ন সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিরা।

নাট্যোৎসবের প্রথমদিন নাটক ‘শঙ্খচিল’ মঞ্চায়িত হয়। নাটকটিতে ফুঁটে ওঠেছে শিল্পের সকল শাখায় সম্পৃক্ত থেকে হেমাঙ্গ বিশ্বাসের জীবন ও মূল্যবোধের ধারণ। গণসংস্কৃতির শঙ্খচিল হেমাঙ্গ  বিশ্বাস স্পর্শ করেছেন এই ভূখন্ডের অসংখ্য মানুষের হৃদয়, নানা ভাবে মানুষকে প্রাণিত করেছেন মানবিকতার দর্পণে। ধুলো মাখা পথে সোনালী আলো যখন অবহেলা বৈষম্য আর নিগৃহিতের কান্নার শব্দে ভারী হয় তখন হেমের মনে নাচন ধরে। হেম তখন বিদ্রোহী হয়ে উঠে। অলিখিত নিয়মে গ্রাম্যতা আর গায়কী নিয়ে হেমের সুর ব্যাঙ্গ হয়েছে শোষণ ব্যবস্থার উপর।

শঙ্খচিল’ নাটকটির নাট্যরুপ ও নির্দেশক গোবিন্দ রায় সুমন বলেন, নাটকে গল্প বলার আবেগ, কল্পনা, বাস্তবতা, অলঙ্কার রচনা আর প্রয়োগে অনেক ভাবনার অবতারণা চলে। বিভাজন আর সীমাবদ্ধতার গন্ডি পেরিয়ে নাটকে আমাদের নিরিক্ষা চলমান। মঞ্চে দর্শকদের আমরা বুদ্ধিমান ও সচেতন হিসেবে শ্রদ্ধা করি। তাই এই নাটক নিয়ে ভাবনার অধিকার প্রত্যেকের নিকট নিবেদন করলাম।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com