কমলগঞ্জে অবৈধ উত্তোলিত বালু জব্দ

August 1, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ অবৈধ ও অপরিকল্পিতভাবে নদী, ছড়া থেকে অব্যাহতভাবে খনিজ সম্পদ সমৃদ্ধ বালু উত্তোলনের ফলে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ, প্রতিবেশ। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন নদী ও বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার সুনছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত ৪শ’ ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। ১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের পাহাড়ি সুনছড়া এলাকার যোগিবিল গ্রাম এলাকা থেকে উত্তোলিত এসব বালু জব্দ করা হয়।

কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যোগিবিল গ্রামের সুনছড়া থেকে উত্তোলিত এসব বালু জব্দ করেন। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও জব্দকৃত বালু আলীনগর ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলামের জিম্মায় রাখা হয়।

কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী বালু জব্দ করার সত্যতা নিশ্চিত করেন। উল্লেখ্য, পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর দায়েরকৃত রিটের আদেশ উপেক্ষা করে সম্প্রতি উপজেলার বিভিন্ন পাহাড়ি ছড়া ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ক্ষতি বয়ে আনছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com