দলীয় কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ বড়লেখা সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি বহিস্কার

March 15, 2020,

আব্দুর রব॥ বড়লেখা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জুনেদকে সাময়িক বহিস্কার করা হয়েছে। ১৫ মার্চ রোববার মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বড়লেখা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জুনেদকে সাময়িক বহিস্কার করা হলো।

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী আমীন সাংগঠনিক ব্যবস্থা স্বরূপ জুনেদকে সাময়িক বরখাস্ত করার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের দলীয় সূত্রে জানা গেছে, ১৩ মার্চ দুপুরে বড়লেখা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জুনেদের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী পৌরশহরের উত্তর চৌমুহনী এলাকায় একা পেয়ে একই কলেজের ছাত্রলীগ কর্মী জাহিদুল ইসলাম তৌফিককে ছুরিকাঘাত করে। পরে তারা কিল-ঘুষি মেরে সেখানে তাকে ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তৌফিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ফেসবুক আইডিতে একটি গ্রুপ ছবি শেয়ার এবং ছাত্রলীগ নেতা এমরান হোসেনকে নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্যের জের ধরে কলেজ ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান জুনেদ ছাত্রলীগ কর্মী তৌফিককে ছুরিকাঘাত করে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com