বড়লেখায় মাদ্রাসা কমিটির  বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তের আগেই নির্বাচনের তফশিল ঘোষণায় ক্ষোভ

March 16, 2020,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার সম্প্রতি এমপিও ঘোষিত শাহজালাল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। অর্ধশতাধিক এলাকাবাসী কমিটি বাতিলের দাবীতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। এ অভিযোগের তদন্ত সম্পন্ন হওয়ার আগেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ৮ মার্চ উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনের তফশিল ঘোষণা করায় অভিযোগকারী এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এর জের ধরে যেকোন সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টির আশংকা রয়েছে।

৯ ফেব্রুয়ারী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে উপজেলার গৌড়নগর শাহজালাল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী আব্দুল মজিদ, সমছুল ইসলাম, ইয়ামিছ আলী, আব্দুল মান্নান, সেলিম আহমদ, খয়রুল ইসলাম, সাব্বির আহমদ প্রমুখ অর্ধশতাধিক ব্যক্তি স্বাক্ষরিত লিখিত অভিযোগ সুত্রে  জানা গেছে, মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে শিক্ষার্থী অভিভাবক নন এমন কয়েকজনকে সদস্য করা হয়েছে। যারা বিভিন্ন বিতর্কিত কর্মকান্ড ও অপতৎপরতায় জড়িত। মাদ্রাসার প্রকৃত প্রতিষ্ঠাতা ও দাতা ব্যক্তিদের বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্তপুর্ব এ কমিটি বাতিলের দাবী জানান। অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান  ২৫ ফেব্রুয়ারী ১৭/৩/মৌলভীবাজার-৫৫ নং স্মারকে অভিযোগের বিষয়ে তদন্তপুর্বক মতামত প্রদানের জন্য বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশক্রমে অনুরোধ করেন। কিন্তু এ অভিযোগের তদন্ত না করেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  ৮ মার্চ উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনের তফশিল ঘোষণা করেন। এতে অভিযোগকারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

আব্দুল মজিদ, সমছুল ইসলাম অভিযোগ করেন কমিটি বাতিলের অভিযোগ তদন্ত না করে কুচক্রীদের যোগসাজসে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোপনে নির্বাচনের তফশিল ঘোষণা করেছেন। এতে এলাকাবাসীর মধ্যে দুইটি পক্ষের বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। এর জের ধরে যেকোন সময় উত্তেজনা ও দাঙ্গা-হাঙ্গামার আশংকা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান জানান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রারের পাঠানো অভিযোগটি তদন্তের জন্য তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। তিনি এখনও প্রতিবেদন জমা দেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হওলাদার আজিজুল ইসলাম জানান, কমিটি বাতিলের অভিযোগ তিনি তদন্ত করছেন। সম্পন্ন করার পরই জমা দিবেন। ম্যানেজিং কমিটির নির্বাচনের তফশিল ঘোষণা চলমান প্রক্রিয়া। বিধিমতই তিনি তা করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com