বড়লেখায় ৫ শতাধিক প্রবাসী দেশে ফিরলেও হোম কোয়ারেন্টাইনে মাত্র ৭ ! অধিকাংশ প্রবাসী ভঙ্গ করছেন ইমিগ্রেশনে দেয়া প্রতিশ্রুতি

March 17, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় ১২ দিনে ৫ শতাধিক প্রবাসী দেশে ফিরলেও মাত্র ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এদেরকে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি তদারকি করছে। অন্যান্য প্রবাসীরা দেশে এসেই তাদের আগমনের বিষয়টি গোপন রাখছেন। তারা মানছেন না সরকারী কোন নির্দেশনা। অথচ দেশে ফেরার পূর্বে প্রবাসের ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট তারা লিখিত অঙ্গিকার করছিলেন দেশে ফিরেই স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে থাকবেন। কিন্ত বাড়ি পৌঁছেই তারা ভঙ্গ করছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট দেয়া সেই প্রতিশ্রুতি। এতে স্বাস্থ্য বিভাগ তাদেরকে পর্যবেক্ষণে আনতে হিমসিম খাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৫ মার্চ ২জনকে ও ১৬ মার্চ নতুন করে আরো ৫ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ৭ ব্যক্তির কেউ ইতালি, কেউ ফ্রান্স আবার কেউ যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন। ইমিগ্রেশন সুত্র জানায় ৩ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত ১২ দিনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড়লেখার ৫৭৬ জন প্রবাসী দেশে ফিরেছেন। কিন্তু তারা দেশে পৌঁছার খবর এলাকায় গোপন রাখছেন। তবে উপজেলা স্বাস্থ্য প্রশাসন সোমবার থেকে ইমিগ্রেশন বিভাগের দেয়া তালিকা অনুযায়ী আগত প্রবাসীদের খোজে বের করে হোম কোয়ারেন্টাইনে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস সোমবার রাতে জানান, আমরা প্রবাস ফেরত ৭ জনের খোঁজ পেয়েছি। তাদের ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের মধ্যে করোনার কোনো লক্ষন বা উপসর্গ নেই। ইমিগ্রেশন সুত্র অনুযায়ী গত ১২ দিনে বড়লেখায় ৫৭৬ জন প্রবাসী দেশে ফিরেছেন। ব্যাপক প্রচারনা স্বত্বেও প্রবাসীরা মানছেন না সরকারী নির্দেশনা। ভঙ্গ করছেন দেশে ফেরার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে দেয়া প্রতিশ্রুতি। খোঁজ নিতে গেলেই তাদের স্বজনরা তথ্য গোপন করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই কর্মকর্তা, ‘প্রবাস ফেরত কেউ দেশে আসলে দ্রুত স্বাস্থ্য বিভাগে জানানোর আহবান জানান। প্রবাসীরা যাতে নিজ দায়িত্বে হোম কোয়ারেন্টাইনে থাকেন। এটা খুব জরুরী। ভীত না হয়ে সকলকে সচেতন হতে হবে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলা খুবই প্রয়োজন।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com