কুয়েত প্রবাসীর পাসপোর্ট জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

March 25, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় হোম কোয়ারেন্টাইন অমান্য করায় খাইরুল ইসলাম নামে এক কুয়েত প্রবাসীর পাসপোর্ট জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান ভ্রাম্যমান আদালত চালিয়ে প্রবাসীকে জরিমানা এবং তার পাসপোর্ট জব্দ করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার বারইগ্রামের বাসিন্দা খাইরুল ইসলাম সম্প্রতি কুয়েত থেকে দেশে আসেন। নিয়ম অনুযায়ী তার ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও পৌরসভার লোকজন তাকে কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য বলেছেন। কিন্তু তিনি তা মানেননি। এই কয়েকদিন বাইরে ঘোরাফেরা করেন। এমন অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান তার বাড়ি যান। তবে তাকে ঘরে পাওয়া যায়নি। এরপর তাকে বাড়ির লোকজনের মাধ্যমে খবর দিয়ে আনা হয়। পরে কোয়ারেন্টাইন না মানায় তার জরিমানা ও পাসপোর্ট জব্দ করা হয়। বুধবার পর্যন্ত তার কোয়ারেন্টাইনে থাকার কথা। তাকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। অপরদিকে এদিন হোম কোয়ারেন্টাইনে থাকা বিভিন্ন এলাকার প্রবাস ফেরতদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ, এসআই প্রভাকর রায়।
ইউএনও ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান মঙ্গলবার রাত ৮টায় জানান, ‘হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও পৌরসভার লোকজন কয়েক বার বাড়ি গিয়ে তাকে হোম কোয়ারেন্টাইন মানার নির্দেশ দেন। কিন্তু তিনি তা অমান্য করেন। গ্রামে ঘোরাফেরা করতেন। এমন অভিযোগ ছিল। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি গিয়ে তাকে মিলেনি। তাকে বাড়ির বাইরে পাওয়া যায়। হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানায় তার পাসপোর্ট জব্দ করা হয়। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। হোম কোয়োরেন্টাইনে থাকা অন্য প্রবাসীর বাড়িগুলোও পরিদর্শন করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com