চেয়ারম্যানকে ফোন করলেই বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়

April 8, 2020,

আব্দুর রব॥ করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের জন্য ব্যক্তিগত উদ্যোগে হটলাইন সেবা চালু করেছেন বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। সেই হটলাইন নম্বরে খাদ্যসংকটের কথা জানিয়ে ফোন করলেই বাড়ি পৌঁছে দিচ্ছেন নিত্য চাল, ডাল, আলু থেকে শুরু করে লবণ, পেয়াজ, তেল সাবানসহ প্রয়োজনীয় সামগ্রী।

সোমবার ৬ এপ্রিল থেকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের অসহায় দরিদ্র পরিবারের জন্য এ হটলাইন সেবা চালু করা হয়। ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের নিজস্ব অর্থায়ণে ও প্রত্যক্ষ তত্বাবধানে এ কার্যক্রমের সমন্বয় করছেন সেচ্ছাসেবী মতিউর রহমান জাকের। দরিদ্র অসহায় মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার জন্য ইতিমধ্যেই এলাকার তরুণদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রাখা হয়েছে।

স্বেচ্ছাসেবক মতিউর রহমান জাকের জানান, এই দূর্যোগময় সময়ে সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা। তাদের কথা বিবেচনা করে ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নবাসীর জন্য এই হটলাইন সেবা চালু করা হয়েছে । ইউনিয়নের অসহায় দরিদ্ররা ০১৮১৫২৯০৮৫০ অথবা ০১৭৫০৪৯৫৫৪০ নম্বরে ফোন করে খাদ্য সংকটের কথা জানালে আমরা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দেয়ার জন্য প্রস্তুত রয়েছি। প্রথম দিনে দশটি পরিবারকে চাল, ডাল, তেল ,আলু বাড়িতে পৌছে দেয়া হয়েছে। এই সঙ্কট না কাটা পর্যন্ত আমাদের এই সেবা অব্যাহত থাকবে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন জানান, করোনা সংকটে এলাকার অনেক শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন। এ অবস্থায় কোনও নাগরিককে যাতে না খেয়ে মানবেতর জীবনযাপন করতে না হয় সেজন্য দরিদ্র পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে। এই দূর্যোগময় সময়ে হতদরিদ্রদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার পাশাপাশি অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com