জুড়ীতে পোল্ট্রি এসোসিয়েশনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

May 6, 2020,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলা পোল্ট্রি এসোসিয়েশন-এর সভাপতি হারিস মোহাম্মদ পোল্ট্রি খামার ও খামার মালিকদের নিরাপত্তা প্রদান এবং ব্যবসার ভাল পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন। জুুড়ী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন  বক্তব্য রাখেন।

মঙ্গলবার ৫ মে দূপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমতৈল গ্রামে দীনবন্ধু সেনের ‘বন্ধু পোল্ট্রি ফার্ম’ প্রতিষ্ঠালগ্ন থেকে একটি কুচক্রীমহল ফার্মটি বন্ধের পায়তারা করছে। বিভিন্ন দপ্তরে একের পর এক অভিযোগ দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুকের মাধ্যমে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হাছিন আহমদ চৌধুরীকে  ম্যানেজ করে খামার মালিককে নোটিশ প্রদানসহ খামারটি বন্ধের চুড়ান্ত নীল নকশা তৈরি করে। উপায়ান্ত না দেখে খামার মালিক দীনবন্ধু আব্দুল মতিন গংদের বিবাদী করে আদালতে মামলা করেন। মামলার নোটিশ পেয়ে বিবাদী আব্দুল মতিন দীনবন্ধুকে বিবাদী করে মামলা করেন।

করোনা ভাইরাসের কারণে আদালত বন্ধ থাকায় আব্দুল মতিন গং গত ১ মে রাতে উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুকের নেতৃত্বে খামারে হামলা, ভাঙচুর, লুটপাট চালায়। ফার্মের সামনে রাখা শাহজাহান ভূইয়ার মালিকানাধীন প্রায় ২১ লাখ টাকা মূল্যের হার্ভেস্টার মেশিন ভাঙচুর ও যন্ত্রাংশ লুট হয়। মেশিন ভাঙ্গার খবর পেয়ে ঘটনাস্থলে যাবার পথে আব্দুল মতিনের চাচাতো ভাই সাইদুলের বাড়ীর সামনে যাওয়া মাত্র শাহজাহান ভূইয়ার উপর হামলা করা হয়। উপজেলা চেয়ারম্যান ফারুক দীনবন্ধু সেনকে পিস্তল ঠেকিয়ে গালাগালি ও মারপিঠ করেন। হামলা ও লুটপাটের ঘটনায় ‘বন্ধু পোল্ট্রি ফার্ম’-এর কর্ণদার দীনবন্ধু সেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোঈদ ফারুককে প্রধান আসামী করে জুড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

হারিস মোহাম্মদ আসামীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, খামারটি নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরে আবেদন করা হয়েছে, যা প্রক্রিয়াধীন। তাছাড়া আদালতে উভয় পক্ষের মামলা বিদ্যমান। এমতাবস্থায় উপজেলার সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধির নেতৃত্বে খামার ভাঙচুর ও লুুটপাট হয়েছে, যা খুবই দুঃখজনক। এ ঘটনায় খামারীরা আতঙ্কিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জুড়ীতে ছোট বড় প্রায় দুইশ খামার রয়েছে, যা ডিম ও মাংস উৎপাপদন করে দেশে পুষ্টি চাহিদা পুরণ করছে। পাশাপাশি হাজারো পরিবার এ শিল্পের উপর নির্ভরশীল। কোন সময় কার প্ররোচনায় প্ররোচিত হয়ে উপজেলা চেয়ারম্যান দলবল নিয়ে কার খামারে হামলে পড়ে তান্ডব চালিয়ে ভাঙচুর করেন তা বলা মুশকিল। আমরা নিরাপত্তা চাই, সুুন্দর পরিবেশ চাই। এ সময় জুড়ী উপজেলা পোল্ট্রি এসোসিয়েশন-এর প্রধান উপদেষ্টা শাহজাহান ভূইয়া, সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, কোষাধ্যক্ষ দীনবন্ধু সেন ও সদস্য আফিয়ান মিয়া উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com