জুড়ী সীমান্তে বিএসএফ ১০ জনকে পুশইনের অপচেষ্টা, বিজিবির বাঁধায় ফেরত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জনকে বাংলাদেশে পুশইনের অপচেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যাচাই-বাছাই শেষে বাংলাদেশী পরিচয়ের বৈধ কোনো কাগজপত্র না পাওয়ায় বৃহস্পতিবার রাতেই বিজিবির বাঁধায় তারা ভারতে ফেরত চলে যায়। তাদের মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী ও একটি শিশু ছিল।
বিষয়টি নিশ্চিত করে ৫২ বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, ভোরে স্থানীয়দের সহায়তায় ওই ১০ জনকে আটক করা হয়। তাদের পরিচয় যাচাইয়ের সময় বাংলাদেশি নাগরিকত্বের পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার রাতেই তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের বিষয়ে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। দেশের সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।



মন্তব্য করুন