বড়লেখায় ইউএনও’র নিকট আশার ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর

May 11, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় করোনাভাইরাস সংকটে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। সোমবার ১১ মে বিকেল ৪টায় সংস্থাটির উদ্যোগে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়।

প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার ভোজ্যতেল ও ১ কেজি লবণ দেয়া হয়েছে।

বড়লেখা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের কাছে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন আশার বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা আবু তাহের চৌধুরী। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সাংবাদিক আব্দুর রব, আশার জুড়ী আঞ্চলিক ব্যবস্থাপক চন্দ্রহাস সিংহ, বড়লেখা শাখার ব্যবস্থাপক প্রদীপ কুমার সিংহ, জুড়ী-১ শাখা ব্যবস্থাপক অলক কান্তি দাস, বড়লেখা শাখার এবিএম দিলীপ চন্দ্র দেব, এসএলও নীল মনি দে প্রমুখ।

আশার বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা আবু তাহের চৌধুরী বলেন, ‘করোনাভাইরাস সংকটে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। আশা এই সংকটে তাদের পাশে থাকার চেষ্টা করছে। সারাদেশে প্রতি উপজেলায় ২০০ প্যাকেট করে ও সকল জেলা প্রশাসকের কাছে ৫০০ প্যাকেট করে খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে। এর ধারাবাহিকতায় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমরা ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর করেছি।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com