জুড়ী নদীর বিভিন্ন স্থানে ভাঙ্গন তিনশ পরিবার হুমকির সম্মূখীন

May 30, 2020,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে জুড়ী নদী ও এর শাখা কন্টিনালা নদীর ভাঙ্গনে প্রায় তিনশটি পরিবার হুমকির মুখে পড়েছে।
সরেজমিনে জানা যায়, সদ্য পুন:খননকৃত জুড়ী নদীর জাঙ্গিরাই এলাকায় বাঁধের প্রায় ২৫০মিটার এলাকা ধসে নদীতে বিলীন হয়। অপরদিকে জুড়ী নদীর শাখা কন্টিলানা নদীর বেলাগাঁও পূর্বপার এলাকায় প্রতিরক্ষা বাঁধের তিনটি স্থানে বিশাল আকারে ফাটল দিয়ে নদীতে বিলীন হয়ে যায়। যার ফলে উভয় স্থানে প্রায় তিনশ বাড়ীঘর ঝুুঁকির মধ্যে পড়েছে।
দক্ষিণ জাঙ্গিরাই এলাকার বাসিন্দা খোশমান আলী, শিক্ষক আবুল কাশেম, জামাল মিয়া, আব্দুল কাদির প্রমুখ অভিযোগ করেন, এ এলাকায় মানুষের চলাচলের জন্য ইটসলিং রাস্তা ছিল। সম্প্রতি নদী খননের কাজ চলছিল। খনন কাজে মাটি কাটার গাড়ী নেয়ার জন্য ঠিকাদার পঞ্চাশ বছরের পুরণো এই রাস্তার প্রায় ৬ফুট মাটি কেটে ফেলেন। পরে নদী থেকে পলি তুলে আবার রাস্তাটি ভরাট করেন। গত কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ী ঢলে নদীর পানি বৃদ্ধি পায়। পানির স্রোতে পলি মাটি গুলো ভেসে যায়। এতে এ এলাকার অনেক বাড়ী ঘরে ফাটল ধরেছে, প্রায় দুইশ পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয়রা বালু ভর্তি বস্তা ফেলে ঘর রক্ষার ব্যর্থ চেষ্টা করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com