যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে ৫ হাজার মানুষ

June 13, 2020,

সাইফুল্লাহ হাসান॥ জুড়ী উপজেলার বরুলী নামক স্থানে যাত্রীদের জন্য কোনো ছাউনি না থাকায় দুর্ভোগে পড়েছেন অত্র এলাকার জনসাধারণ। কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। তাই ভুক্তভোগীদের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব এই স্থানে একটি যাত্রী ছাউনি স্থাপন করে দিতে হবে।
জানা যায়, জুড়ী উপজেলার ৬ নম্বর সাগরনাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাতিলাসাঙ্গনসহ আশপাশের এলাকার ৫ হাজার জনসাধারণ জুড়ী বাজারে যাওয়ার জন্য বরুলী নামক স্থানে এসে দাঁড়ান হয় গাড়ির জন্য। প্রচন্ড রোদের মধ্যেও দীর্ঘক্ষণ তাদের দাঁড়াতে হয়। আর বর্ষা-বাদলের এই সময়ে প্রায় প্রতিদিনই ভিজে ভিজে বাড়িতে ফিরতে হয় তাদের।
কথা হয় আামিনুল ইসলাম আব্দুল্লাহ’র সঙ্গে। তিনি তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজে পড়ালেখা করেন। তিনি বলেন, ‘বরুলীর রাস্তার মোড়ে যাত্রী ছাউনি না থাকায় আমাদেরকে অনেকদিন বৃষ্টিতে ভিজে ভিজে কলেজে যেতে হয়েছে। কর্তৃপক্ষের কাছে দাবি করছি, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।’
একই কলেজের শিক্ষার্থী জুয়েল আহমদ বলেন, ‘আমি গতবছর একটি পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে কলেজে যাচ্ছিলাম। বরুলীর রাস্তার মোড়ে যাওয়ার পর হঠাৎ প্রচণ্ড বৃষ্টি চলে আসে। ওইসময় কোনো গাড়িও পাওয়া যায়নি। তখন বৃষ্টিতে ভিজতে হয়েছিল। বৃষ্টির কারণে পরে আর পরীক্ষা দিতে পারিনি।’
স্থানীয় বাসিন্দা সায়েম হাসান বলেন, ‘কর্মস্তলে যাওয়ার জন্য বাড়ি থেকে প্রতিদিনই হেঁটে হেঁটে যাওয়ার পর বরুলীতে গিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। সঙ্গে সঙ্গে গাড়িও পাওয়া যায় না। তাই অনেক সময় ছাউনি না থাকায় রোদে-বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয়।’
স্থানীয় ইউপি সদস্য শরফ উদ্দিন বলেন, ‘বরুলীর রাস্তার মোড়ে একটি যাত্রী ছাউনি খুবই জরুরি। যাত্রী ছাউনি না থাকার কারণে সাধারণ জনগণের অনেক কষ্ট হয়। হঠাৎ বৃষ্টি চলে আসে। গরমের দিনে মানুষকে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়।’ তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত একটি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে জুড়ী উপজেলার চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক বলেন, ‘হুট করে যাত্রী ছাউনি তৈরি করা সম্ভব না। যেকোনো একটা প্রকল্পে এটি ঢুকিয়ে তৈরি করতে হবে। যাত্রী ছাউনি নিয়ে এলাকাবাসী উপজেলা চেয়ারম্যান বরাবরে আবেদন করতে হবে। তাহলে আমি একটি যাত্রী ছাউনি তৈরি করে দিতে পারি।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com