কুলাউড়ায় চোরাই ছাগল ও চুরির কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার, আটক ৩

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় দুটি চোরাই ছাগল এবং চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাসহ ৩ জনকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। বৃহম্পতিবার ১৫ ডিসেম্বর তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-পারভেজ আহমদ পাবেল (২৩), মোঃ হান্নান (২৫), তাজুল মিয়া (২৪)।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, ১৫ ডিসেম্বর দুপুরে কুলাউড়ার লংলা খাস ভেলিক্লাব রাবার বাগান থেকে ২টি ছাগল চুরি করে সিএনজি যোগে নিয়ে যাওয়ার পথে দক্ষিণ হিঙ্গাজিয়া চৌমুহনীতে পৌঁছালে কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জিবান স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করেন।
তিনি আরো জানান, সিএনজিতে ছাগল দুটির মালিকানা সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে না পারলে পুলিশ ২ টি ছাগল ও সিএনজিসহ নিজেদের জিম্মায় নেয়। পরে ছাগলের মালিকানা যাচাই করে জানা যায় চোরাই ছাগল দুটির মালিক টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস গ্রামের খুরশেদ আলীর স্ত্রী লাভলী আক্তার।
শুক্রবার ১৬ ডিসেম্বর লাভলী আক্তার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।



মন্তব্য করুন