কুলাউড়ায় ৬৫ পথশিশু পেল প্রধানমন্ত্রীর উপহার

কুলাউড়া প্রতিনিধি॥ প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার পেয়েছে কুলাউড়ার পথশিশুরা। কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির পক্ষে শুক্রবার ৩ ফেব্রুয়ারি বিকেলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই শীতবস্ত্র কুলাউড়ার আলোর পাঠশালা নামক স্কুলের পথশিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।
কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে কুলাউড়া রেলস্টেশন এলাকায় আলোর পাঠশালা স্কুলের ৬৫ জন অসহায় পথশিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।
স্বাগত বক্তব্য রাখেন ইউএনওর শিশুপুত্র জাবির মাহমুদ। পাঠশালার শিক্ষক হাবিবুর রহমান হোসাইনের পরিচালনায় বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমপির প্রতিনিধি হোসেন মনসুর, এমপির অফিস সহকারী শেখ রুহেল, স্টেশনমাস্টার রোমান আহমদ, উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আবদুল লতিফ, সংবাদকর্মী মহি উদ্দিন রিপন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মা. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, পথশিশুদের পাশে দাঁড়ানো খুবই ভালো কাজ। তিনি যে সব পথশিশুদের স্কুল ব্যাগ নেই তাদের প্রত্যেককে স্কুল ব্যাগ দেওয়ার আশ্বাস দেন। শীতের সময়ে অসহায় মানুষের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
এমপির অফিস সহকারী শেখ রুহেল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির বরাদ্দকৃত এ শীতবস্ত্র (কম্বল) ৬৫ জন অসহায় পথশিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগেও উপজেলার বিভিন্ন এলাকার গরিব ও দুঃস্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।



মন্তব্য করুন