কুলাউড়ায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় পুলিশের অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার ২৭ মার্চ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সালাউদ্দিন ও রাজু রবিদাস।
পুলিশ জানায়, সালাউদ্দিন ৬ বছর ৩ মাসের সশ্রম কারাদন্ডাদেশ ও রাজু রবিদাস ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) বিল্লাল হোসেন সঙ্গীয় অফিসারসহ পুলিশের একটি দল উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ বছর ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি সালাউদ্দিনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সালাউদ্দিনের বিরুদ্ধে ২০১৫ সালের কুলাউড়া থানার জিআর ০১/১৫ মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে পেনাল কোডের ৩২৬ ধারায় ৩ বছর সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড, পেনাল কোডের ৩০৭ ধারায় ৩ বছর সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পেনাল কোডের ৪৪৮ ধারায় ৩ মাসের সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অপর অভিযানে সহকারি উপপরিদর্শক (এএসআই) রায়হান কবির সঙ্গীয় অফিসার ফোর্সসহ জিআর ৫৬/১৯ মামলার সাজাপ্রাপ্ত রাজু রবিদাসকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত রাজু রবিদাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ডের আদেশ দেন। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।



মন্তব্য করুন