কুলাউড়ার হলিছড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রান গেল ব্যাংক কর্মকর্তার

April 1, 2023,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় হৃদয় চৈত্রী নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার ১ এপ্রিল সকাল ৮টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের হলিছড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই মহাসড়কের উপর পড়েছিল তার লাশ। নিহত হৃদয় চৈত্রী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কংকন চৈত্রীর ছেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া নামক এলাকায় মোটরসাইকেল আরোহীর রক্তাক্ত লাশ রাস্তার উপরে পড়েছিল।

বিষয়টি দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধারের পর থানায় হস্তান্তর করে।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে নিহতের তথ্য পাওয়া গেছে। নিহত হৃদয় চৈত্রী সিলেটের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কর্মরত ছিলেন। অফিসের কাজে তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গিয়েছিলেন।

সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com