কুলাউড়ায় পরিত্যক্ত বাথরুম থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

July 25, 2023,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় পরিত্যক্ত একটি বাথরুম থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ২৫ জুলাই বিকেলে পৌরসভাস্থ দক্ষিণ বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পৌরসভাস্থ দক্ষিণ বাজার এলাকার ইয়াকুব আলী বিল্ডিংয়ের পিছন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিলো।

পরে বিল্ডিংয়ের পিছনে গিয়ে পরিত্যক্ত একটি বাথরুমে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই বাথরুমে ছিলো।

৩৫ বছরের অজ্ঞাত ওই নারীর লাশ ফুলে গিয়ে মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ অনেকটা বিকৃত হয়ে গেছে। লাশটিতে পচন ধরেছে।

 কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, উদ্ধার হওয়া নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় অনুসন্ধানে কাজ চলছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com