ডিবি পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে ইয়াবাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার ৯ সেপ্টেম্বর রাতে মৌলভীবাজার সদর ও কমলগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত অনুমান সাড়ে ১০ ঘটিকার সময় এসআই ইফতেখার ইসলাম ও এএসআই সাহাব উদ্দিনসহ ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের গোবিন্দশ্রী হাজী ইয়াকুব রোডের সায়রা ভিলার সামনে অভিযান পরিচালনা করে সুমন আহমেদ কাউসার (২১) নামে একজনকে আটক করা হয়।
এসময় আটককৃত সুমনের দেহ তল্লাশী করে তার হেফাজত থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত সুমন আহমেদ কাউসার মৌলভীবাজার পৌরসভার পূর্ব গোবিন্দশ্রী এলাকার মালেক আহমেদের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অপর এক অভিযানে কমলগঞ্জ থানার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে ৬৫ পিস ইয়াবাসহ মোঃ আক্তার (৩০) ও ইলিয়াস মিয়া (৩৮) নামে দুজনকে আটক করা হয়।
শনিবার ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবির একটি দল কমলগঞ্জ থানার রহিমপুর ইউনিয়নের পশ্চিম কালেঙ্গা এলাকার আটককৃত ইলিয়াস মিয়ার দোকানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃত দুজনকে তল্লাশি করে আক্তারের কাছ থেকে ২০ পিস এবং ইলিয়াস মিয়ার কাছ থেকে ৪৫ পিসসহ মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এসব ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কমলগঞ্জ ও মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা:
মোঃ আক্তার (৩০), পিতা- মৃত মশাইদ মিয়া, মাতা- শেলী বেগম, স্থায়ী সাং-দরগা মহল্লা, থানা ও জেলা-মৌলভীবাজার, বর্তমান সাং-রহিম মার্কেটের পাশে কালেঙ্গা বাজার (খালিস মিয়ার বাসার ভাড়াটিয়া), থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার,
ইলিয়াস মিয়া (৩৮), পিতা- আওয়াল মিয়া, স্থায়ী সাং-মনগোছ, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা, বর্তমান সাং-পশ্চিম কালেঙ্গা, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার।
সুমন আহমদ কাউসার (২১), পিতা- মালেক আহমদ, মাতা- সিতারা বেগম, সাং-পূর্ব গোবিন্দশ্রী, ০৮নং ওয়ার্ড, মৌলভীবাজার পৌরসভা, থানা ও জেলা- মৌলভীবাজার।



মন্তব্য করুন