রাজিব সূত্রধরের বিরুদ্ধে অনলাইনে সাম্প্রদায়িক উস্কানি, প্রগতিশীল নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি

November 9, 2026,

স্টাফ রিপোর্টার : সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর সংগঠনের সাথে যুক্ত মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সদস্য ও সংগঠকদের সাথে সাংগঠনিক আলাপচারিতা পরবর্তী একসাথে উঠা একটি সেলফি উনার ফেইসবুকে পোস্ট করেন। সেই পোস্টে একদল প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক বিভাজনের উদ্দেশ্যে রাজিব সূত্রধরকে টার্গেট করে অসম্মানজনক এবং হুমকি দিয়ে কমেন্ট করে এবং অনেকে পোস্টের ছবিকে নিয়ে নিজেদের আইডিতে পোস্ট করে সাম্প্রদায়িক বিভাজনমুলক ও উদ্দেশ্যমূলক পোস্ট করেন।

গত ৭ নভেম্বর ‘অনুসন্ধান ৩১৩’ নামক একটি পেইজে মিথ্যা প্রপাগান্ডা নির্ভর একটি ফটোকার্ড পোস্ট করে এবং সেখানেও রাজিবকে টার্গেট করে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেয়।

৯ নভেম্বর সোমবার রাজিব সূত্রধরকে যুক্ত করে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উদ্দেশ্যমূলক সাম্প্রদায়িক বিভাজন ও উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারের প্রগতিশীল ব্যক্তি ও সংগঠনসমূহের নেতৃবৃন্দরা এক যৌথ বিবৃতিতে প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক গোষ্ঠীর কার্যক্রমের তীব্র নিন্দা জানান এবং অনলাইনে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ানোর দায়ে ও সাম্প্রদায়িক উস্কানির অপরাধে উস্কানিদাতাদের পরিচয় সনাক্ত করে তরিত পদক্ষেপ নেওয়ার আহ্বান রাখেন।

বিবৃতিতে স্বাক্ষর করেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, মৌলভীবাজার জেলা আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি বদরুল হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুক মিয়া, বাংলাদেশ জাসদ সভাপতি আ স ম ছালেহ সোহেল ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সভাপতি জহরলাল দত্ত, খেলাঘর আসর জেলা সভাপতি শাহাদাত হোসাইন, প্রগতি লেখক সংঘ জেলা সাধারণ সম্পাদক মহিদুর রহমান, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সংগঠক হৃদয় অধিকারী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হাসান, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী ও সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা সভাপতি ও জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু রেজা সিদ্দিকী ইমন ও যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক মনতোষ দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি জ্যোতিষ মোহন্ত প্রমুখ নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী এবং ২০২৪ এর গণ-অভ্যুত্থানের একজন সামনের কাতারের সংগঠক। এই সংগঠনে অধিকার সচেতন নারী কিংবা পুরুষ যেকোনো শিক্ষার্থী তার অধিকার আদায়ের দাবিতে ঐক্যবদ্ধ হবেন এটাই স্বাভাবিক। ২০২৪ এর গণ-অভ্যুত্থানে ছাত্র ছাত্রীদের মিলিত অংশ গ্রহণ ছিল। কিন্তু যারা প্রতিক্রিয়াশীল তারা নারীকে রাজনীতির বাইরে রাখতে চায়, তারা বিভিন্ন মিথ্যা প্রপাগাণ্ডা ছড়িয়ে প্রগতিশীল রাজনীতিকে বাধাগ্রস্ত করতে চায়। সকল রাজনৈতিক ও অধিকার সচেতন মানুষকে এই সকল প্রতিক্রিয়াশীল কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এবং প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান রইল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com