নামজারি অটোমেশন, দালালমুক্ত ভূমি অফিস ও ডিজিটাল ভূমি প্রশাসন গড়ে তোলার ওপর জোর দিল সংসদীয় কমিটি

November 9, 2026,

স্টাফ রিপোর্টার : ভূমি সেবায় হয়রানি, দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এর মধ্যে রয়েছে ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা, নামজারি প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা, একই জমি বন্ধক রেখে একাধিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের অনিয়ম বন্ধ এবং ভূমি অফিসকে দালালমুক্ত করার উদ্যোগ।

রোববার ৮ নভেম্বর জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

বৈঠকে কমিটির সদস্য ও ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, জয়নাল আবেদীন, সুলতানা আহমেদ, মো. মাহবুবুর রহমান (বেলাল) এবং মুহাম্মদুল্লাহ অংশ নেন।

বৈঠকের শুরুতে প্রথম সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। পরে প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিতভাবে উপস্থাপন করে ভূমি মন্ত্রণালয়।

বৈঠকে ভূমি সেবায় বিদ্যমান হয়রানি ও অনিয়ম দূর করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে নামজারি প্রক্রিয়া অটোমেশনের আওতায় আনার পাশাপাশি সাবরেজিস্ট্রারদের অনিয়ম ও দৌরাত্ম্য বন্ধে ভূমি রেজিস্ট্রেশন-সংক্রান্ত কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সুপারিশ করা হয়।

এ ছাড়া অর্পিত সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনে জেলা-ওয়ারি অর্পিত সম্পত্তির পরিমাণ ও সম্ভাব্য মৌজাভিত্তিক মূল্য নির্ধারণের সুপারিশ করা হয়। এসব সম্পত্তিতে অবৈধ দখলদারদের অবস্থান চিহ্নিত করা এবং দীর্ঘদিন ধরে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

জমি নিয়ে আর্থিক প্রতারণা বন্ধে একই জমির দলিল জামানত হিসেবে ব্যবহার করে একাধিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের অনিয়ম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। এ ক্ষেত্রে ব্যাংকগুলোর মধ্যে তথ্যের সমন্বয় ও একটি সমন্বিত তথ্যব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।

ভূমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় জমির বাজারমূল্য বাস্তবসম্মতভাবে নির্ধারণ, স্থাবর সম্পত্তি হস্তান্তরের মূল্য বাজারমূল্যের সঙ্গে যৌক্তিকীকরণ এবং জমি হস্তান্তর-সংক্রান্ত বিভিন্ন ফি ও গেইন ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসার সুপারিশ করা হয়।

কমিটি মনে করে, ভূমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের সামাজিক বিরোধ ও সংঘাত নিরসন, স্বচ্ছ ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা এবং নাগরিকবান্ধব ভূমি প্রশাসন প্রতিষ্ঠায় প্রচলিত ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। এ লক্ষ্যে বিদ্যমান ভূমি প্রশাসনকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের সুপারিশ করা হয়।

এ ছাড়া ‘বাংলাদেশ সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ও ভূমি প্রশাসন প্রশিক্ষণ একাডেমি স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় ভূমি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আধুনিক ও স্থায়ী প্রশিক্ষণ একাডেমি নির্মাণে খাসজমি নির্বাচনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়।

মাঠপর্যায়ে ভূমি প্রশাসনের দুর্নীতি ও হয়রানি বন্ধের বিষয়েও কঠোর অবস্থান নেয় সংসদীয় কমিটি। বিশেষ করে সহকারী কমিশনার (ভূমি), এলএ শাখা ও কানুনগো অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ, দালালদের দৌরাত্ম্য নির্মূল এবং দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com