কুলাউড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চোখ খুবই গুরুত্বপূর্ণ, এর যত্ন নিন-এমপি নাদেল

March 3, 2024,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় চক্ষু শিবির পরিচালনা কমিটির উদ্যোগে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩ মার্চ বেলা সাড়ে ১১টায় পৌর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ শিবির অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি ও পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
বক্তব্যে তিনি বলেন, মানুষের প্রতিটি অঙ্গের মধ্যে চোখ খুবই গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে চোখের যত্ন নেওয়ার আহবান জানিয়ে চক্ষু শিবির কমিটির সেবামূলক এ উদ্যোগকে ধন্যবাদ জানান।
সমাজসেবক হোসেন মনসুরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, যুক্তরাজ্য ক্যাটার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এম এ মুনিম ও পৌর বালিকা উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গৌরা দে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, আইনজীবী অ্যাডভোকেট এটিএম মান্নান, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, যুক্তরাজ্য কমিউনিটি নেতা অধ্যাপক কমর উদ্দিন জামাল প্রমুখ।
বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী এ চক্ষু শিবিরে প্রায় ৮ শত রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে ২০০ জন ছানিপড়া চক্ষুরোগী বাছাই করে বিএনএসবি হাসপাতালে অপারেশনের জন্য পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com