কুলাউড়ায় ১০ কোটি টাকার সরকারি জমি দখল করে ইকোপার্ক নির্মাণ, গুঁড়িয়ে দিলো প্রশাসন

স্টাফ রিপোর্টার : কুলাউড়ায় দীর্ঘদিন ধরে স্থানীয় এক প্রভাবশালীর দখলে থাকা ২০ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। উদ্ধারকৃত জমির মূল্য প্রায় ১০ কোটি টাকা। প্রায় ৮ বছর পূর্বে স্বৈরাচার আওয়ামী লীগের সরকারের আমলে প্রভাবশালী রোকন আহমদ দখল করে নিজের নামে একটি ইকোপার্ক নির্মাণ করেন।
শুক্রবার ১৩ ডিসেম্বর কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ২০ একর জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টানানো হয়।
কুলাউড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান মানিক, পিয়াস চন্দ্র দাস, জেলা পুলিশের একটি দল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ জানান, জেলাজুড়ে সরকারি খাস জমি উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়ার রাঙ্গিছড়া টি.ই মৌাজার ৮৫৪ এবং ৮৬৮ দাগে বিপুল পরিমাণ খাস জমির সন্ধান মেলে। দীর্ঘদিন ধরে রোকন আহমদ নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ২০ একরের ওই খাস জমি দখল করে অবৈধভাবে ইকোপার্ক নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন।
তিনি আরও জানান, অভিযানকালে অবৈধ সব স্থাপনা অপসারণ করে অবৈধ দখলে থাকা ২০ একর খাস জমি উদ্ধার করে সাইনবোর্ড টানানো হয়। যেখানেই খাস জমি দখলে রয়েছে সেগুলো পর্যায়ক্রমে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন