কুলাউড়ায় ৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকারের

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করণে ও নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে কুলাউড়ায় অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
শনিবার ৮ মার্চ উপজেলার স্টেশন রোড, চৌমুহনী, দক্ষিণবাজার ও থানার পাশসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রতিষ্ঠান, ঔষধের দোকান, ফলের দোকান ও হোটেল ও রেষ্টুরেন্টসহ অন্যান্য প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ ঘোষিত রং ও হাইড্রাজ ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে স্টেশন রোডে অবস্থিত মা মনি ড্রাগসকে ২ হাজার টাকা, বিগ বাগ ফার্মেসীকে ৩ হাজার টাকা, ইষ্টার্ণ রেষ্টরেন্ট এন্ড সুইটমিটকে ১০ হাজার টাকা, চৌমুহনীতে অবস্থিত বিসমিল্লাহ দই ও মিষ্টি ঘরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান-অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
এছাড়াও ন্যায্য দামে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য সামগ্রী বিক্রয় করাসহ কোন পণ্য অবৈধ মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।



মন্তব্য করুন