কুলাউড়ায় বিনামূল্যে বীজ, সার ও ফলের চারা বিতরণ

July 5, 2025,

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও ফলের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ৩ জুলাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার কৃষির উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলদ চারা বিতরণের মাধ্যমে তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে। এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪ হাজার ১ শত ৩০ জন কৃষকদের মাঝে আমন ধানের চারা ও সার, ৫৫টি প্রতিষ্ঠানে তালের চারা, ২৮টি প্রতিষ্ঠানে নারিকেলের চারা, ৮৫ জনের মাঝে আমের চারা, ১০০ জনের মাঝে উফশী জাতের গ্রীষ্মকালীন সবজি, ১৫০ জনের মাঝে লেবুর চারা, ১ হাজার ২ শত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com