কুলাউড়ার শরীফপুর সীমান্তে মাছ শিকারের সময় তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

স্টাফ রিপোর্টার : কুলাউড়া সীমান্তে মাছ শিকারের সময় ৩ বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
১৭ জুলাই বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপির হরিপুর এলাকা থেকে তাদেরকে তুলেনিয়ে যায় বিএসএফ। তারা হলেন, কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান মন্টুরি (২০) ও তৈয়ব আলী ডাগা মিয়ার ছেলে সিপার আহমদ (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সোহাগ, মাসুক ও সিপার মাছ শিকার করছিলো বাংলাদেশ সীমান্তের ভেতর শরীফপুর ইউনিয়নের হরিপুর এলাকায়। এসময় বিএসএফ এসে তাদেরকে জোর করে ধরে নিয়ে যায়।
বিএসএফের হাতে আটক মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সীমান্তের ভেতরে মাছ শিকার করার সময় ১৫-২০ জন বিএসএফ এসে আমার ভাইসহ আরো দুইজনকে অতর্কিতভাবে ধরে নিয়ে যায়। ওই সময় সীমান্ত এলাকায় বিদ্যুৎ ছিলনা। আমরা বিষয়টি স্থানীয় বিজিবিকে জানিয়েছি, তারা বলছে বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন। খবর পেয়েছি, তাদেরকে শুক্রবার ভারতের ইরানী থানায় হস্তান্তর করেছে বিএসএফ।
এ বিষয়ে শরীফপুর ইউনিয়ন সাবেক ইউপি সদস্য হারুন মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে শুনেছি বৃহস্পতিবার রাতে তারা মাছ শিকার করতে সীমান্তের বাংলাদেশ এলাকায় গিয়েছিলো। পরে তাদেরকে বিএসএফ এসে ধরে নিয়ে গেছে। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।
এ বিষয়ে ৪৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ.এস.এম মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।



মন্তব্য করুন