কুলাউড়ায় বিএসএফের হাতে আটক তিনজন চোরাকারবারি: দাবি বিজিবির

July 19, 2025,

এস আর অনি চৌধরী : কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন বাংলাদেশিকে আটক করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, আটক ব্যক্তিরা চোরাকারবারি। শনিবার ১৯ জুলাই দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জাকারিয়া।

বিজিবি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের হরিপুর সীমান্ত এলাকায় শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) আওতাধীন শরীফপুর বিওপি সংলগ্ন সীমান্তে প্রায় ২০ জন অজ্ঞাত বাংলাদেশি চোরাকারবারি ভারত থেকে মাল আনতে অবস্থান করছিলেন।

তাদের মধ্যে হরিপুর গ্রামের মো: সিফার, মো: মাসুক আলী এবং সঞ্জয়পুর গ্রামের মো: সোহাগ মিয়া ভারতের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জাকারিয়া জানান, বিএসএফের বরাতে তারা জানতে পেরেছেন- আটককৃতদের চোরাচালানি মালসহ ভারতের ত্রিপুরা রাজ্যের উনোকুটি জেলার ইরানি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আটক তিনজনের পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি এবং বিজিবির কাছেও কেউ অভিযোগ করেননি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com