কুলাউড়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

August 5, 2025,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। মঙ্গলবার ৫ আগস্ট দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় শহীদদের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আলোচনা করা হয়।

দিবসটির ঐতিহাসিক তাৎপর্য ও গণআন্দোলনের পটভূমি তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক, উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো: জাকির হোসেন, সাংবাদিক আজিজুল ইসলাম ও নাজমুল বারী সোহেল, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতা ইমন আহমদ, শামীম আহমদ, মো: জাহিদুল ইসলাম ফেরদাউস, নাহিদুর রহমান, আল আদনান চৌধুরী, সাইফুল ইসলাম, আব্দুস সামাদ, শেখ রানা, রুহিন হোসাইন, ইব্রাহীম আলী প্রমুখ।

সভায় ইউএনও মো. মহিউদ্দিন বলেন, গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়েছে। এ চেতনা বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। পরে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com