কুলাউড়ায় ফের বালু উত্তোলনে চুক্তি ভঙ্গ, ইজারাদার গুনলেন দুই লাখ টাকা জরিমানা

October 11, 2025,

মাহফুজ শাকিল : কুলাউড়ায় মনু নদীতে ফের ইজারা চুক্তি ভঙ্গ করে কটারকোনা সেতুর পাশে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে ইজারাদারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কুলাউড়া থানা পুলিশ সহযোগিতা করে।

ভূমি অফিস সূত্রে জানা যায়, মনু নদীর বর্তমান ইজারাদার নাজমুন নাহার লিপি, তাঁর সহযোগী দীপক দে গং হাজীপুর ইউনিয়নে মনু নদীর ওপর নির্মিত কটারকোনা সেতু এলাকায় এক কিলোমিটারের ভেতরে দীর্ঘদিন থেকে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে। নদী তীরবর্তী এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম সেখানে অভিযান চালান। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় বর্তমান ইজারাদার নাজমুন নাহার লিপির বালু মহালের ম্যানেজার শম্ভু কুমার দেবকে দুই লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম বলেন, ইজারা চুক্তি ভঙ্গ করে বালু উত্তোলনের অপরাধে ইজারাদারকে এরআগেও দুইবার মোট ২ লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছিল। কিন্তু নির্দেশনা না মানায় ফের বৃহস্পতিবার অভিযান চালিয়ে আরো দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে আরো কঠোর দন্ড আরোপ করা হবে। তিনি আরো বলেন, বালু উত্তোলনের স্থাপনাগুলো নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইজারা চুক্তি ভঙ্গ করে বালু উত্তোলন করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সালন এলাকায় ইজারা চুক্তি ভঙ্গ করে মনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইজারাদার নাজমুন নাহার লিপিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এরপর গত ৩০ সেপ্টেম্বর ইজারা চুক্তি ভঙ্গ করে পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর সেতুর পাশে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে ইজারাদার নাজমুন নাহার লিপির সহযোগী আশরাফ খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। বর্তমান ইজারাদার নাজমুন নাহার লিপি ও তাঁর সহযোগী দীপক দে গংয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বালু মহালের সরকারি ইজারা চুক্তি ভঙ্গ করে কুলাউড়ার জনগুরুত্বপূর্ণ কটারকোনা সেতু ও রাজাপুর সেতুর পাশ থেকে মেশিন বসিয়ে তারা অবৈধভাবে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে আসছেন। কিন্তু তারা প্রশাসনের কোন তোয়াক্কা করছেনা। প্রতিদিন ইজারা চুক্তি ভঙ্গ করে বালু উত্তোলন করছে। আর প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com