দেয়ালঘড়ি মার্কায় ভোটের জোয়ার, মাঠে মাওলানা আহমদ বিলাল
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ আসনে দেয়ালঘড়ি মার্কা প্রতীকে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আহমদ বিলালের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বুধবার ২৮ জানুয়ারি মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন আহমদ বিলাল। তিনি রাজনগর উপজেলার কোনাগাঁও ও ভাঙ্গারহাট বাজারে পথসভা ও গণসংযোগ করেন। পরে বাদ মাগরিব সোনাতলা বাজারে গণসংযোগ এবং বাদ এশা গড়গাঁও গ্রামে উঠান বৈঠক ও উত্তর গড়গাঁও মসজিদের মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে।
গণসংযোগকালে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী সাধারণ মানুষের কথা শোনেন এবং বিজয়ী হলে তাদের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, গ্রামের অসহায় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হলেও সঠিক চিকিৎসা পাচ্ছে না। রাস্তাঘাটের বেহাল অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের দুরবস্থা, ঘুষ ও দুর্নীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তিনি ঘুষ, দুর্নীতি ও সুদমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এবং অবহেলিত গ্রামীণ জনপদের অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।
প্রতিপক্ষের বক্তব্য নিয়ে মন্তব্য না করে তিনি বলেন, এখন কথা শোনার সময় নয়, কাজের সময়। প্রতিপক্ষরা পরাজিত করার চেষ্টা করলেও তিনি বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন বলে দাবি করেন।
মাওলানা আহমদ বিলাল বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি দুর্নীতিমুক্ত, সুদমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সর্বাত্মক কাজ করবেন। তার দাবি, গত ৫৫ বছরে দেশে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। ইসলামী দলগুলোকে একবার সুযোগ দিলে এবং ১১ দলীয় জোটকে বিজয়ী করলে প্রকৃত উন্নয়ন হবে, কমবে ঘুষ-দুর্নীতি এবং অর্থ পাচার বন্ধ হবে।
উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় হাট-বাজার, গ্রাম-গঞ্জে ব্যবসায়ী, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করা হয় এবং দেয়ালঘড়ি প্রতীকের হ্যান্ডবিল বিতরণ করা হয়। গণসংযোগকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা গেছে।



মন্তব্য করুন