সাবেক অর্থমন্ত্রীর পুত্র সফিউর ও নাতি নাবিলের গণসংযোগ, ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ধানের শীষ প্রতীকের সমর্থনে নির্বাচনী প্রচারণায় সক্রিয় হয়েছেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র সফিউর রহমান এবং এম নাসের রহমানের পুত্র নাবিল রহমান।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি তারা মৌলভীবাজার শহরের ৭নং ওয়ার্ড, শাহ মোস্তফা রোড, সুলতানপুর, কাজিরগাঁও ও তাবলীগ মসজিদের আশপাশে গণসংযোগ সম্পন্ন করেন। এ সময় জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, যুবদল নেতা দেলোয়ার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শিপন আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ যুব ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগে তারা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের অসামান্য অবদান স্মরণ করান। স্থানীয়রা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন, যাতে উন্নয়ন ধারাবাহিকভাবে বজায় থাকে।
সফিউর রহমান বলেন, আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছি। আমাদের লক্ষ্য মৌলভীবাজার ও রাজনগরের জনগণের সার্বিক উন্নয়ন, সুশাসন ও অধিকার নিশ্চিত করা। আমাদের বাবা, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান যে অসামান্য কাজ করেছেন, তার ধারাবাহিকতায় আমরা জনগণের সেবা করতে চাই। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি আমার বড় ভাই নাসের রহমানকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন।
নাবিল রহমান বলেন- আমার দাদু, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আমার বাবা যে উন্নয়নমূলক কাজ করেছেন, তা আজও মৌলভীবাজারবাসীর মনে স্মরণীয়। আমরা সেই উন্নয়নের ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যেতে চাই। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করাই আমাদের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি ধানের শীষের জয় আমাদের হবে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত গণসংযোগে স্থানীয়রা প্রতিশ্রুতি দেন ধানের শীষকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।



মন্তব্য করুন