শ্রীমঙ্গলে শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে পিএফজির ভ্রাম্যমাণ ট্রাকযোগে সাংস্কৃতিক প্রচারণা

February 8, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সংঘাতমুক্ত করার দাবিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সাংস্কৃতিক প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার ৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বর থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পিস ফ্যাসিলেটেটর গ্রুপ (পিএফজি), শ্রীমঙ্গল এ কর্মসূচির আয়োজন করে।

পিএফজি’র শ্রীমঙ্গল কো-অর্ডিনেটর ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মসূচিতে স্টেশন রোড, পেট্রোল পাম্প চত্বর, কালিঘাট রোড চৌমুহনা, সিন্দুরখান বাজার, সাতগাঁও বাজার ও ভৈরব বাজার এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকযোগে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

এসময় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান, মর্যাদা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়। ধর্মীয় বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকার পাশাপাশি ভোটার ও দলীয় কর্মীদের সংঘর্ষ পরিহারে সচেতন করা হয়। একই সঙ্গে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব সম্পর্কে জনগণকে সতর্ক করা হয়।

সৈয়দ ছায়েদ আহমেদ বলেন, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে আগ্রহ ও দায়িত্ববোধ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিএফজি’র অ্যাম্বাসেডর মাওলানা এম এ রহিম নোমানি, সাবেক অ্যাম্বাসেডর কাজী আসমা আক্তার, সদস্য দেবব্রত দত্ত হাবুল, সাংবাদিক রুবেল আহমদ, খাইরুন নাহার লিপি, মোঃ মাকসুদুর রহমান, শাহিদা আক্তার মনি, মোহাম্মদ ছায়ফুর রহমান, মোহাম্মদ শামসু মিয়া, নারী নেত্রী শারমিন জাহান, সাংবাদিক সুমন মিয়া, রোকেয়া বেগম প্রমুখ।

এসময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে তাদের সমর্থন জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com