মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

February 9, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সার্বিক উন্নয়নে নদীভাঙন রোধ, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল।

সোমবার ৯ ফেব্রুয়ারি দুপুর থেকে বিকেল পর্যন্ত মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, মিছিল, উঠান বৈঠক ও জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে মাওলানা আহমদ বিলাল বলেন, মৌলভীবাজারের ওপর দিয়ে বয়ে যাওয়া খরশ্রোতা মনু নদী প্রতিবছর বর্ষা মৌসুমে রাজনগরের বিভিন্ন এলাকায় ভাঙন সৃষ্টি করে মানুষের ব্যাপক ক্ষতি করছে। নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দ এলেও গত তিন বছরে কাজ সম্পন্ন হয়নি। তিনি বলেন, এই পরিস্থিতির দায় এড়ানো যাবে না এবং মনু নদী ভাঙনের কবল থেকে মানুষকে রক্ষার দায়িত্ব তিনি নিজে নেবেন।

তিনি বলেন, প্রয়োজনে নতুন করে নদী খননের উদ্যোগ নেওয়া হবে এবং স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ করা হবে। পাশাপাশি শুকনো মৌসুমে কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

যোগাযোগ অবকাঠামো প্রসঙ্গে আহমদ বিলাল বলেন, মৌলভীবাজারের অনেক সড়কের অবস্থা বেহাল। দ্রুত সংস্কার প্রয়োজন। টেংরা-তারাপাশা-শমশেরনগর সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া মৌলভীবাজার-টেংরা-কুলাউড়া-বড়লেখা, মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট এবং শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার-শেরপুর সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, কাউয়াদিঘী হাওর রক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণ এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাখাত নিয়ে তিনি বলেন, মৌলভীবাজার জেলা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং কারিগরি শিক্ষার বিস্তার জরুরি। তিনি মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ, কৃষি বিদ্যালয় ও একটি সার্ভে ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা বলেন। পাশাপাশি শমশেরনগর বিমানবন্দর চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি ও অব্যবস্থাপনা কমিয়ে সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

সুশাসনের বিষয়ে আহমদ বিলাল বলেন, ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। মানুষের মৌলিক চাহিদাকে প্রাধান্য দিয়েই তাঁর রাজনৈতিক পথচলা হবে বলে তিনি জানান।

বক্তব্য শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এদিকে, তাঁর নির্বাচনী প্রচারণার মিডিয়া উইং সূত্র জানায়, গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে তিনি বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, মিছিল ও মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com