সন্ত্রাস, নৈরাজ্য ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবো: নাসের রহমান, শপথ গ্রহণ শেষে ঐক্যের ডাক-কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, সন্ত্রাস, নৈরাজ্য ও অন্যায়ের বিরুদ্ধে তিনি দৃঢ় অবস্থান নেবেন। একই সঙ্গে একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শপথ গ্রহণের কথা জানিয়ে এম নাসের রহমান লেখেন, আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা মহান আল্লাহ তা’আলার দরবারে। আজ সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণ করলাম।
তিনি এই অর্জনের জন্য মৌলভীবাজার-৩ আসনের ভোটার, সমর্থক ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, তাঁদের আস্থা, সমর্থন ও দোয়ার ফলেই তিনি এই অবস্থানে আসতে পেরেছেন।
পোস্টে তিনি বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান-এর প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বকে অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আপোষহীন নেত্রী খালেদা জিয়া-কে। তাঁর অদম্য সাহস ও দৃঢ় নেতৃত্বকে এই অর্জনের প্রেরণা হিসেবে উল্লেখ করেন।
এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে তাঁর আদর্শ ও দেশপ্রেমকে পথচলার আলোকবর্তিকা হিসেবে বর্ণনা করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
দেশের সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে এম নাসের রহমান বলেন, এখন সময় নতুন প্রত্যয়ে, নতুন আঙ্গিকে এগিয়ে যাওয়ার। একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, ইনশাআল্লাহ, লিখেন তিনি।
তিনি আরও বলেন, এ দেশ আমাদের, এ দেশের মাটি ও মানুষ আমাদের আপন। দায়িত্ববোধ ও ভালোবাসা থেকে আমরা একে অপরের জন্য কাজ করে যাবো। সবশেষে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।



মন্তব্য করুন