শ্রীমঙ্গলে এনআরবি ব্যাংকের ডায়াসপোরা উইক অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি: প্রবাসী গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ ও আধুনিক করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে এনআরবি ডায়াসপোরা উইক।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এনআরবি ব্যাংক লিমিটেডের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে উৎসাহিত করতে এবং তাদের বিনিয়োগের সুযোগ-সুবিধা সবিস্তারে জানাতেই এই আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক ও ক্লাস্টার সিলেট-১ প্রধান মো. সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক অভিনন্দন ধর চৌধুরী।
অনুষ্ঠানে প্রবাসীদের জন্য ব্যাংকের আধুনিক সব ডিজিটাল সেবা ও বিশেষ সুবিধার কথা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—প্রবাসী থাকাকালীন অনলাইনে ডিজিটাল অ্যাকাউন্ট খোলা, ব্যক্তিগত ব্যাংকিং সহায়তা, বিমানবন্দর থেকে বিশেষ পিক-আপ সুবিধা এবং হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়।
এছাড়া প্রবাসীদের জন্য বিশেষভাবে তৈরি আবাসন ঋণ, ফরেন কারেন্সি ডিপোজিট এবং ‘এনআরবি ইজি অ্যাকাউন্ট’-সহ বিভিন্ন লাভজনক বিনিয়োগ প্রকল্পের তথ্যও গ্রাহকদের সামনে উপস্থাপন করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই আয়োজনের মূল লক্ষ্য হলো প্রবাসীদের কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং তাদের বিনিয়োগ প্রক্রিয়াকে আরও দ্রুত ও নিরাপদ করা। প্রবাসী গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংকটি নিরন্তর কাজ করে যাচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।



মন্তব্য করুন