বোনের বাড়ি ইফতারি দিয়ে ফেরার পথে পিকআপ ভ্যানের ধা/ক্কা/য় প্রা/ণ গেলো যুবকের

February 21, 2026,

স্টাফ রিপোর্টার : প্রায় দুই মাস আগে বিয়ে করেন ব্যবসায়ী বাদল মিয়া (৩৫)। রমজানের প্রথম দিন শ্বশুরবাড়ি থেকে তাঁদের পরিবারের জন্য পাঠানো হয় ইফতারসামগ্রী। এগুলোর কিছু অংশ নিয়ে মোটরসাইকেলে বড় বোনের বাড়িতে দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। বাদল মিয়া বাছিরপুর এলাকার বাসিন্দা মৃত মঙ্গল মিয়ার ছেলে। তিনি প্যাকেটজাত বিভিন্ন খাদ্যসামগ্রীর স্থানীয় ডিলার ছিলেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসের শেষ দিকে বিয়ে করেন বাদল। বৃহস্পতিবার বিকেলের দিকে শ্বশুরবাড়ি থেকে তাঁদের বাড়িতে ইফতারসামগ্রী পাঠানো হয়। পরে আত্মীয়স্বজনের বাড়িতে তা বিলি করা হচ্ছিল। বাদল পাশের খালেরমুখ বাজার এলাকায় তাঁর বড় বোনের বাড়িতে ইফতারি নিয়ে যান।

সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বাছিরপুরের হেলাল উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান বাদলের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com