ঐক্যের শক্তিতেই বিপুল জয়—ইনশাআল্লাহ, নাসের রহমান আগামীতে আরও উচ্চশিখরে যাবেন-ময়ূন

February 25, 2026,

স্টাফ রিপোর্টার : দলীয় ঐক্য, সাংগঠনিক পরিশ্রম ও নেতাকর্মীদের রাজনৈতিক প্রত্যাশার সমন্বয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে পুনরায় বিপুল ভোটে জয়ী হয়েছেন সংসদ সদস্য এম নাসের রহমান। এ বিজয়কে ‘নেতাকর্মীদের ত্যাগ ও ঐক্যের ফল’ হিসেবে উল্লেখ করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো: ফয়জুল করিম ময়ূন।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি বিকেলে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নির্বাচনী এলাকায় এসে সদর উপজেলার বাহারমর্দান এলাকায় নিজ বাড়িতে নেতাকর্মীদের সংবর্ধনা নেন এম নাসের রহমান। আয়োজিত সমাবেশে ময়ূন বলেন, আমরা বিশ্বাস করেছিলাম—আমরা কামিয়াব হবো। আল্লাহ আমাদের সেই সাফল্য দিয়েছেন। নেতাকর্মীরা অনেক কষ্ট করেছেন, আজ সেই পরিশ্রম সফল হয়েছে।

তিনি আরও বলেন, নাসের রহমান পুনর্বার এমপি হয়েছেন। ইনশাআল্লাহ আগামীতে তিনি আরও উচ্চশিখরে পৌঁছাবেন—এটাই আমাদের দোয়া।

ময়ূনের ভাষ্য, নির্বাচন চলাকালে দলের ভেতরে কোনো বিভক্তি ছিল না। এটি আমাদের একটি ঈমানি দায়িত্ব ছিল। আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, সেখানে কারও সঙ্গে কোনো বিভক্তি ছিল না। সবাই এক হয়ে কাজ করেছি। আগামীতেও এমপি নাসের রহমান মৌলভীবাজার ও রাজনগর সংসদীয় আসনে এলাকার প্রত্যাশিত উন্নয়ন কাজ করবেন।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, নির্বাচনী সাফল্য ধরে রাখতে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখা হবে আগামী দিনের প্রধান লক্ষ্য। নেতারা আরও বলেন, ঐক্য ধরে রেখে জনগণের প্রত্যাশা পূরণে তারা সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com