মৌলভীবাজারে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়, আমার নাম ভাঙ্গিয়ে যেনো কেউ সুবিধা না নেয়-নাসের রহমান

February 26, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমানের সাথে মৌলভীবাজার জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগণের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসক কনফারেন্স হলে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এম নাসের রহমান। মতবিনিময় সভায় সড়ক ও জনপথ, স্বাস্থ্য প্রকৌশল,জনস্বাস্থ্য, এলজিইডি, মৎস্য বিভাগ, প্রাণী সম্পদ বিভাগ, শিক্ষা প্রকৌশল বিভাগ,পানিউন্নয়ন বোর্ড, বিএডিসি, কৃষি বিভাগ, কৃষি গবেষণা, সমাজ সেবা, কারিগরি স্কুল এন্ড কলেজ, কারিগরি ট্রেনিং স্কুল, টেকনিকেল ইনস্টিটিউট, সিভিল সার্জন ও সদর হাসাপাতালসহ বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সরকারি সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন ১৭ বছরের আন্দোলন করে স্বৈরশাসককে উৎখাত করে দেশে আবার ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে এনে বিএনপি জনগণের ভোটে নিরংকুশ বিজয়ে সরকার গঠন করেছে। আপনারা দীর্ঘদিন অবৈধ তথাকথিত সরকারের অধিনে কাজ করে ছিলেন। এখন জনগণের ভোটে জনগণের সরকার ক্ষমতায় আসছে। তাই আপনারা কাজ করতে স্বাচ্ছ্যন্দবোধ করবেন। আওয়ামীলীগ নির্বাচনে জিততে পারবে না বলেই নাটক করে দীর্ঘদিন ক্ষমতা আকড়ে ধরে রেখেছিল। বর্তমান প্রধানমন্ত্রীর কিছু ব্যতিক্রমী। তিনি গাড়িতে ফ্ল্যাগ উড়াচ্ছেন না। তিনি কাজের লোক। এখন কাজের গতি দেখবেন। বিএনপি সরকার দেশের উন্নয়নে নতুন   পদক্ষেপ দেখবেন, যা হবে জনকল্যান মুলক। আগে যেভাবে ফাইল বন্ধ হয়ে বসে থাকতো। এই কালচার থেকে আমরা বের হয়ে আসবো।

তিনি নিজেকে একজন সোজাসাপটা ও সাদাসিদে মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, আমি যা বলি সামনাসামনিই বলি। পিছনে মন্তব্য আমি পছন্দ করি না। কোন কাজে অবহেলা বা গাফলতি হলে সেটি মেনে নিতে পারিনা। এটি আমার চারিত্রিক দুর্ভলতা। যে কোন গাফলতি বা ভূল জিনিস আমি অত্যন্ত সিরিয়াসলি নিয়ে থাকি।

জেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন আপনারা সবাই যার যার মতো কাজ করবেন। এখানে আমার এন্টার ফেয়ার করার প্রয়োজন পড়বেনা। উন্নয়নমূলক কাজে আমার পরামর্শ থাকবে। আপনারা যে সব বিষয়ে উন্নয়ন প্রয়োজন সেসব বিষয় আমাকে জানিয়ে পরামর্শ দিবেন। আমি এক্ষেত্রে অর্থ বরাদ্দের ব্যবস্থা করবো।

তিনি আরও বলেন এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন ২৫০ কোটি টাকার উন্নয়ন হয়েছে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায়। অন্য এমপিরা এরকম কাজ উন্নয়ন কাজ করতে পারেননি। এজন্য তিনি তার মরহুম পিতা সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের অবদানের কথা স্মরণ করেন।  ওই সময়ের করে যাওয়া কাজ রাস্তা-ঘাটসহ অনেক উন্নয়ন করা হয়। যেগুলো গেল ১৭ বছর সংস্কার করতে পারেনি ফ্যাসিস্টররা।

মৌলভীবাজার সদর হাসপাতালকে আধুনিকায়ন করা হয়েছিল যাতে সাধারণ মানুষ চিকিৎসা পায়। প্যাথলজির জন্য অনেক যন্ত্র পাতি দেয়া হয়। সেগুলোও বিগত সরকার এখানে স্থাপন না করে ফরিদপুর নিয়ে যায়। অনেক যন্ত্রপাতি অকেজ হয়ে পড়ে আছে।

নাসের রহমান বলেন, আমার নাম ভাঙ্গিয়ে কেউ আত্মীয় স্বজন বা দলের পরিচয় দিয়ে অন্যায় আব্দার করে যাতে সুবিধে না নিতে পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। আমি অন্যায়কে প্রশ্রয় দেই না। অন্যায় আবদারও জানাবনা। আমি কমকর্তাদের কাজে অযাচিত হস্তক্ষেপ করবনা এটা আমার পছন্দ না। আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হবনা। আপনারা কাজ করেন। কাজ করে সেই ক্যাডিট নেন। তাতে আমার সমস্যা নেই। আমার বক্তব্য হলো জনকল্যাণে কাজ হওয়ার দরকার।

তিনি জেলা সদরের পৌর শহরের সৌন্দর্য বর্ধন,হকার ও যানজট মুক্ত রাখার পদক্ষেপের নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশ্যে বলেন আপনারা আপনাদের মতো কাজ করবেন। আমি অযাযিতভাবে প্রশাসনকে হস্তক্ষেপ করি না। যে কাজ গুলো হওয়া দরকার সেগুলো যাতে হয়। আমি কোন অন্যায় প্রস্থাব কারো কাছে দিতে যাব না। সেটা হবেও না। তিনি জনকল্যাণে কাজ করতে সবার সার্বিক সহযোগিতা চান। মতবিনিময় সভা শেষে তিনি মৌলভীবাজার-২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com