লাউয়াছড়ায় প্রায় এক ঘণ্টা আটকে ছিল কালনী এক্সপ্রেস

কমলগঞ্জ প্রতিনিধি : ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেস মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার ভেতরে প্রায় এক ঘণ্টা আটকে ছিল। পরে রেলের টেকনিশিয়ানদের সহায়তায় ধীরে ধীরে ট্রেনটি চালু করা সম্ভব হয়।
শনিবার ৭ মার্চ রাতে ট্রেনটি শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের পাহাড়ি অংশে গিয়ে সমস্যায় পড়ে। এতে ট্রেনটি দীর্ঘ সময় একই স্থানে আটকে থাকে এবং যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
পরে রেলের টেকনিশিয়ানরা ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিনের সামনে রেললাইনে বালু ছিটিয়ে ট্রেনটি ধীরে ধীরে চালানোর ব্যবস্থা করেন। এভাবে ট্রেনটি পুনরায় চলাচল শুরু করে। রাত ১০টা ২৮ মিনিটে ট্রেনটি ভানুগাছ রেলওয়ে স্টেশন অতিক্রম করে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার রাজেশ কৈরী জানান, ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশন থেকে রাত সাড়ে ৯টার দিকে ছেড়ে আসে। কিন্তু লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের একটি ব্রিজে মেরামতের কাজ চলমান থাকায় ট্রেনটি সেখানে ধীরগতিতে চলতে বাধ্য হয়। পাশাপাশি ইঞ্জিনটি দুর্বল ও পুরনো হওয়ায় পাহাড়ি ঢাল বেয়ে উঠতে গিয়ে চাকার হুইল স্লিপ করে, ফলে ট্রেনটি সামনে এগোতে পারছিল না।
তিনি আরও জানান, ইঞ্জিনের চাকা রেললাইনে সঠিকভাবে গ্রিপ না পাওয়ায় প্রায় এক ঘণ্টা ট্রেনটি আটকে ছিল। পরে রেলের টেকনিশিয়ানরা রেললাইনে বালু দিয়ে গ্রিপ তৈরি করলে ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করে।
স্টেশন মাস্টার আরও বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার ভেতরে ব্রিজ মেরামতের কাজ ধীরগতিতে চলায় এবং পুরনো ইঞ্জিন ব্যবহারের কারণে মাঝে মধ্যেই ট্রেনগুলো ওই এলাকায় সমস্যায় পড়ে এবং ধীরগতিতে চলাচল করতে হয়।
তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি নিরাপদে ভানুগাছ স্টেশন অতিক্রম করে সিলেটের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।



মন্তব্য করুন