মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

পলি রানী দেবনাথ : মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সারাদেশের ন্যায় মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’।
রবিবার ৮ মার্চ সকালে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুপর্ণা দামের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
এ সময় তিনি বলেন, নারীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অংশ। সমাজের উন্নতি ও অগ্রগতিতে নারীদের অবদান অনেক। তারা পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বর্তমান যুগে নারীরা শুধু ঘরে সীমাবদ্ধ নয় তারা শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, ব্যবসা, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহেদা আকতার।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইকবাল সরকার, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, পরমা দেব পূজা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, প্রশিক্ষনার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



মন্তব্য করুন