রাজনগরে ফুটবলের জোয়ার: এমপি গোল্ডকাপে আন্তর্জাতিক আমেজ, উদ্বোধনী ম্যাচেই জমে উঠল লড়াই

May 4, 2026,

স্টাফ রিপোর্টার : রাজনগর উপজেলায় তিন দশকের দীর্ঘ বিরতির পর আবারও বড় পরিসরের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

রবিবার ৩ মে বিকেলে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘এম নাসের রহমান এমপি গোল্ডকাপ এন্ড প্রাইজমানি-২০২৬’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,  মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। দীর্ঘদিন পর এমন বড় ফুটবল আসর আয়োজন হওয়ায় স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানান আয়োজক ও দর্শকরা।

রাজনগর ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রায় ৩০ বছর আগে একই মাঠে বড় আকারের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল বলে জানান আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর ফুটবল এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম সোহেল এবং সঞ্চালনা করেন রেজাউল করিম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো: মিজানুর রহমান মিজান, সংসদ সদস্যের সহধর্মিনী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রোজিনা নাসের, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার এবং রাজনগর থানার অফিসার ইনচার্জ শেখ মো: ফরিদ উদ্দিন ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মো: আব্দুল মুকিত, মো: ফখরুল ইসলাম, বকশী মিছবাহুর রহমান ও মুহিতুর রহমান হেলাল, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি মো: নুরুল ইসলাম শেলুন, সাধারণ সম্পাদক মো: আব্বাস আলী মাস্টার,  মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি  মুজিবুর রহমান মজনু এবং রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাজনগরের ফতেপুরের আলমগীর ফুটবল একাডেমী এবং মুশরিয়ার সোনালী সন্ধ্যা স্পোর্টিং ক্লাব। দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও উগান্ডার বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে ম্যাচটি আন্তর্জাতিক রূপ পায়। মাঠে খেলা শুরুর আগেই দর্শকের ঢল নামে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আলমগীর ফুটবল একাডেমী ২-০ গোলে জয় লাভ করে টুর্নামেন্টে শুভ সূচনা করে। পুরো ম্যাচজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের নৈপুণ্যে মাঠজুড়ে ছিল উৎসবের আবহ।

আয়োজকরা জানান, এবারের আসরে মোট ৩২টি দল অংশ নিচ্ছে, যা এ অঞ্চলের অন্যতম বড় ফুটবল আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। চ্যাম্পিয়ন দল পাবে আকর্ষণীয় গোল্ডকাপ ট্রফি এবং রানার্সআপ দল পাবে ১ লাখ টাকা পুরস্কার।

দীর্ঘ বিরতির পর এমন বড় আয়োজন ফিরে আসায় স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই টুর্নামেন্ট রাজনগরের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে এবং তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com