কমলগঞ্জে ১৮ বছর পর স্বেচ্ছাশ্রমে রাস্তায় নেমেছে কান্দিগাঁওবাসী

May 20, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের দীর্ঘদিনের অবহেলিত সড়কটি অবশেষে নিজ উদ্যোগে সংস্কার করছেন এলাকাবাসী। প্রায় ৫ শতাধিক পরিবারের চলাচলের গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, দারুসসালাম ইসলামীয়া মাদ্রাসার শিক্ষার্থীসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করেন।

স্থানীয় বাসিন্দা ফয়েজ উদ্দিন জানান, এই রাস্তা শুধু কান্দিগাঁও গ্রামের মানুষের নয়, ছয়শ্রী ও পশ্চিম জলালপুর এলাকার মানুষেরও প্রধান চলাচলের পথ। দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন।

স্থানীয় শিক্ষক আব্দুল ওয়াহিদ মাস্টার বলেন, এটি মণিপুরী মুসলিম ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধ্যুষিত একটি অবহেলিত গ্রাম। প্রায় ১৮ বছর ধরে রাস্তাটি সংস্কারের দাবিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কাছে একাধিকবার যোগাযোগ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিনের ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়।

তিনি আরও জানান, সামাজিক সংগঠন ‘থাওবাল সমিতি’র সহযোগিতায় প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা ব্যয়ে প্রাথমিকভাবে রাস্তা সংস্কারের কাজ পরিচালিত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে কাদা ও ভাঙাচোরা সড়কের কারণে স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। শিশুদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে রাস্তাটি সংস্কারের কাজে নেমেছেন।

দারুসসালাম ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম ও কান্দিগাঁও জামে মসজিদের খতিব মুফতি নুরুল হুদা বলেন, দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তাটি অবহেলিত ছিল। আলহামদুলিল্লাহ, এখন গ্রামবাসী নিজ উদ্যোগে কাজ শুরু করেছেন। তবে স্থায়ী উন্নয়নের জন্য জনপ্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

এলাকাবাসী দ্রুত সড়কটির স্থায়ী উন্নয়ন ও পাকাকরণের দাবি জানিয়েছেন, যাতে শিক্ষার্থীসহ পুরো এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com