দৈনিক ৫০০ টাকা মজুরিসহ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের মানববন্ধন

August 8, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে ৫% ইনক্রিমেন্টের অযৌক্তিক গেজেট বাতিল করে চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণ, ভূমি অধিকার নিশ্চিত করা ও দ্রুত চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা-শ্রমিকেরা। শনিবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা চত্বরে চা বাগানের সচেতন ছাত্র-যুবকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা  হয়।

চা ছাত্র-যুব পরিষদ নেতা মোহন রবিদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুমন রবিদাস, রাজিব বৈদ্য, সন্তোষ রবিদাস, সারথী মুরারী দাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে বর্তমান মজুরি দিয়ে পরিবার নিয়ে জীবন ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। চা-শ্রমিকদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলেও সে অনুযায়ী মজুরি বৃদ্ধি না পাওয়ায় তাঁরা নানা সংকটে রয়েছেন। তাই চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও অভিযোগ করেন, ৫% ইনক্রিমেন্টের অযৌক্তিক গেজেট বাতিল করে চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণ, ভূমি অধিকার নিশ্চিত করা ও দ্রুত চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচন আয়োজনের জোর দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com