বিয়ের অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ, বড়লেখায় জঙ্গলে মিলল ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

আব্দুর রব : বড়লেখায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হওয়ার পরদিন দুপুরে বাড়ির পাশের একটি জঙ্গল থেকে আব্দুল হক (৬৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ১৫ আগস্ট দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্বজন ও পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ বাড়ির পাশের জঙ্গলে ফেলে রাখে।
নিহত আব্দুল হক পূর্ব শংকরপুর গ্রামের মৃত সোয়াব আলীর ছেলে। তিনি দাসেরবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিগত দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ওই ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
জানা গেছে, শুক্রবার ১৪ আগস্ট দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বের হন আব্দুল হক। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি জঙ্গলে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় তার ডান কানের লতি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়।
নিহতের চাচাতো ভাই মাসুক উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুল হক। এরপর আর বাড়ি ফেরেননি। তাদের জানামতে, তার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তিনি সহজ-সরল মানুষ ছিলেন। কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা তদন্ত করে রহস্য উদ্ঘাটনের দাবি জানান তিনি।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, আব্দুল হকের ডান কানের লতি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ জঙ্গলে ফেলে রাখে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকান্ডটি তদন্ত করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।



মন্তব্য করুন