কুলাউড়ায় বিদ্যুৎ চু/রি করে চলছিলো অটোরিকশা চার্জিং স্টেশন, বড় অঙ্কের মা/মলা

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় অটোরিকশা চার্জিং স্টেশনে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি একটি মিটার ও ৯টি ব্যাটারি চার্জার জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ চুরির অভিযোগে ৪ লাখ ১৭ হাজার ৩৮৪ টাকা সরকারি রাজস্ব ক্ষতির মামলা করা হয়েছে।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলার আলালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে বিদ্যুৎ বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী সুমন কুমার প্রামানিক জয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, আলালপুর এলাকার মো. আলমাছ পারভেজ তালুকদারের অটোরিকশা চার্জিং স্টেশনে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের সন্ধান পাওয়া যায়। এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে ব্যবহৃত মিটার ও ৯টি ব্যাটারি চার্জার জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় বিদ্যুৎ আইনে মামলা করা হয়েছে। মামলায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও চুরির মাধ্যমে সরকারি রাজস্ব ক্ষতির পরিমাণ ৪ লাখ ১৭ হাজার ৩৮৪ টাকা উল্লেখ করা হয়েছে। অভিযানে অংশ নেন উপসহকারী প্রকৌশলী ফুলমিয়া, আল-আমিন ও রিপন চন্দ্র রায় এবং লাইনম্যান মো. হেলাল মিয়া।



মন্তব্য করুন