কুলাউড়ায় সিঙ্গুর উচ্চ বিদ্যালয় ও এম এ গণি কলেজে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা

মাহফুজ শাকিল : মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শওকতুল ইসলাম শকু বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হলো বিএনপির সরকার। এই সরকার কথায় নয়, কাজে এবং উন্নয়নে বিশ্বাসী। বর্তমান সরকার হলো শিক্ষাবান্ধব সরকার। এই সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে শিক্ষা নিয়ে সূদুরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার সুফল আমরা সকলেই পাবো। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতির বাস্তবায়ন ইতোমধ্যে চলমান রয়েছে।
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর দুপুরে কুলাউড়া উপজেলার সিঙ্গুর উচ্চ বিদ্যালয় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন।
তিনি তাঁর বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চার আহ্বান জানান। তিনি সিঙ্গুর উচ্চ বিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতির প্রশংসা করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিগত সরকারের সমালোচনা করে এমপি শওকতুল ইসলাম আরো বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে শেখ হাসিনাসহ তাঁর সহযোগীরা দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ও কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা নিজেদের জন্য আখের গুছিয়েছে। দেশকে ঋণগ্রস্থ করে বিপদে ফেলে গেছে। এই বিশাল ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের সরকারকে কিছুটা সময় দিতে হবে। বর্তমানে আমাদের চাহিদা অনেক বেশি, সে তুলনায় সম্পদ অনেক সীমিত। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, শত প্রতিবন্ধকতার মাঝেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাতে এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে আমরা স্বচ্ছতার সাথে কাজ করে যাবো।
জামায়াতে ইসলামীর সমালোচনা করেন এমপি শওকতুল ইসলাম বলেন, তারা নির্বাচনের পর থেকেই বিএনপি সরকারকে নিয়ে সমালোচনা শুরু করেছে। যারা নির্বাচনের আগে বলেছিলো তাদেরকে ভোট দিলে বেহেশতের টিকিট দিবে। ওরা সাতক্ষীরা থেকে বেহেশতের টিকেট দেয়া শুরু করেছে, এরা বাংলাদেশ সকাল বিকাল পার্টি। ওদের কথার কোনো ঠিক নাই। তারা আসলেই মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে চায়। তাদেরকে আগামীতে শক্ত হাতে প্রতিহত করতে হবে ।
সিঙ্গুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মুক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, যুগ্ম সাধারণ কমর উদ্দিন আহমদ কমরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, বিএনপি নেতা বদরুল হোসেন খান, জয়নুল ইসলাম জুনেদ, সারোয়ার আলম বেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, বরমচাল ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক আহমদ মধু, সাধারণ সম্পাদক হেলাল খান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, বর্হিবিশ^ জাতীয়তাবাদী দলের নেতা সেবু উদ্দিন, রাজনুল আমীন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিহিত রঞ্জন দে। অনুষ্ঠানে শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত প্রধান অতিথিকে ফুলেল অভ্যর্থনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্বত:স্ফূর্ত উপস্থিতি ছিল। এর আগে মঙ্গলবার সকাল ১১টায় এম এ গণি আদর্শ ডিগ্রি কলেজে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। কলেজ গভর্নিংবডির সভাপতি এডভোকেট এ এন এম খালেদ লাকীর সভাপতিত্বে ও অধ্যক্ষ এ এন এম আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য দেন এমপি শওকতুল ইসলাম। এসময় তিনি কলেজে বিজ্ঞান বিভাগ চালুসহ সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আশ^াস প্রদান করেন।



মন্তব্য করুন