লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে প্রায় তিন ঘণ্টা সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল।
শুক্রবার ২ অক্টোবর দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া এলাকায় প্রবেশের পর এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, ট্রেনটির মাঝখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে সামনের সাতটি বগি নিয়ে ইঞ্জিন এগিয়ে যায়। পেছনের নয়টি বগি মাগুরছড়া এলাকায় আটকা পড়ে।
বগিগুলো বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পেরে ট্রেনটি পেছনে নেওয়া হয়। পরে সংযোগ হুক মেরামতের কাজ শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে প্রায় তিন ঘণ্টা পর বিকাল ৫টা ২০ মিনিটের দিকে ট্রেন যাত্রা শুরু করে।
শমশেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রজত রায় বলেন, লাউয়াছড়ায় ট্রেন আটকা পড়ায় ভানুগাছ স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস এবং শ্রীমঙ্গলে সিলেটগামী আরেকটি পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।
এ ঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। চট্টগ্রামগামী যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।



মন্তব্য করুন