কমলগঞ্জে ছাত্রদল নেতার ওপর হা/ম/লা/র মা/মলা/য় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের জামিন, তীব্র প্রতিক্রিয়া

October 5, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলা ও প্রাণনাশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নথিসূত্রে জানা যায়, গত ১ অক্টোবর কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: রোমান আহমেদের (৩০) ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রোমান আহমেদ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে ৩ অক্টোবর পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/১১৪/৫০৬(২)/৩৪ ধারায় ২ নম্বর মামলা হিসেবে এজাহার রুজু করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ অক্টোবর রাতে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসার পথে কমলগঞ্জ থানার অন্তর্ভুক্ত পাত্রখোলা রোডে হামলার ঘটনা ঘটে।

বাদীর অভিযোগ, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের আসামিরা মোটরসাইকেল দিয়ে তার গতিপথ রোধ করে ধারালো চাকু দিয়ে হত্যাচেষ্টা ও হামলা চালায়। এতে বাদীকে বাঁচাতে গিয়ে সাব্বির হোসেন নামে ১ নম্বর সাক্ষী গুরুতর জখম হন। পরবর্তীতে আসামিরা কমলগঞ্জ পৌর এলাকার আরিয়ান হোটেলের সামনে বিএনপির কেন্দ্রীয় নেতার গাড়িবহরে গতিরোধ ও গালিগালাজ করে বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার আসামিরা হলেন, জুয়েল আহমদ জুলি, মোহাম্মদ মিলাদ আলী, রাসেল আহমদ, রুমেল মিয়া, বাবুল মিয়া, শেলু মিয়া ও আলম মিয়া।

মামলা রুজুর পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১/২ নং আমলী আদালত মৌলভীবাজারে আসামিরা স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আদালত থেকে রোববার ৪ অক্টোবর কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর পাঠানো এক অবহিতকরণ পত্রে (যার জি.আর নং ২২৪/২৬) আসামিদের জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে হত্যাচেষ্টার মতো স্পর্শকাতর মামলার আসামিরা ঘটনার পরপরই জামিন পেয়ে যাওয়ায় কমলগঞ্জজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাদীপক্ষের অভিযোগ, প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানোর পর আসামিদের অতি দ্রুত জামিন নিশ্চিত হওয়া আইনশৃঙ্খলা ও ন্যায়বিচারের জন্য চরম উদ্বেগজনক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com