জুড়ীতে আগুনে পুড়ে ছাই হওয়া দোকানদার ইসমাইলের পাশে ইউপি চেয়ারম্যান মাছুম

October 6, 2026,

জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের ব্যবসায়ী ইসমাইল হোসেনের একমাত্র আয়ের উৎস দোকানটি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের মালামালসহ নগদ টাকা পুড়ে যাওয়ায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

এ ঘটনায় মঙ্গলবার ৬ অক্টোবর পাতাকুঁড়ির দেশে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজার। সংবাদটি জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইসমাইল হোসেনের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

মঙ্গলবার দুপুরে জায়ফরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা ইসমাইল হোসেনের হাতে তুলে দেন চেয়ারম্যান হাজী মাছুম রেজা। এ সময় তিনি ইসমাইলকে পুনরায় ব্যবসা শুরু করে স্বাভাবিক জীবনে ফিরতে সাহস ও সহযোগিতার আশ্বাস দেন।

চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, ইসমাইলের মতো একজন মানুষের একমাত্র আয়ের অবলম্বন যখন আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তখন তার কষ্টের কথা ভাষায় প্রকাশ করার মতো নয়। নিজের চোখের সামনে জীবিকার একমাত্র সম্বল হারিয়ে একজন মানুষ কতটা অসহায় হয়ে পড়তে পারেন, তা উপলব্ধি করা কঠিন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সামান্য সহযোগিতা নিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই অর্থ হয়তো তার পুরো ক্ষতি পূরণ করতে পারবে না, তবে নতুন করে ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিছুটা সাহস ও সহযোগিতা করবে বলে আশা করি।

তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য-এই মানবিক দায়িত্ববোধ থেকে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি ইসমাইলের পাশে দাঁড়ান, তাহলে তিনি আবারও ঘুরে দাঁড়াতে পারবেন। আমি আশা করি, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়াবেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামরুল হাসান, সংরক্ষিত মহিলা সদস্য রুশনা বেগম, সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার, যুবদল নেতা জাহিদ হাসান জমিরসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

স্থানীয়রা চেয়ারম্যান হাজী মাছুম রেজার এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com