নাসের রহমানের ডিও লেটারে কুশিয়ারা ও মনু সেতুসহ শহর বাইপাস নির্মাণে মন্ত্রণালয়ের নির্দেশ

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের যোগাযোগ ব্যবস্থার দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ তিন দাবি নিয়ে এবার সরকারি পর্যায়ে তৎপরতা শুরু হয়েছে। সংসদ সদস্য এম. নাসের রহমানের পাঠানো দুটি ডিও পত্রের পরিপ্রেক্ষিতে কুশিয়ারা নদীর ওপর সেতু, মৌলভীবাজার শহরে দ্বিতীয় মনু সেতু এবং বাইপাস সড়ক নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ভূমি মন্ত্রনালয়ের সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমানের উত্থাপিত এসব দাবির বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। গত ৪ আগস্ট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব টিনা পাল স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
সরকারি চিঠিতে নাসের রহমানের দুটি ডিও পত্রের বিষয় উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।
কুশিয়ারা নদীতে সেতু চান নাসের রহমান :
নাসের রহমানের একটি ডিও পত্রে মৌলভীবাজারের রাজনগর ও সিলেটের বালাগঞ্জের মধ্যে কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মিত হলে মৌলভীবাজার ও সিলেটের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। রাজনগরসহ আশপাশের এলাকার মানুষের সিলেটমুখী যাতায়াত আরও সহজ হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
দ্বিতীয় মনু সেতু ও বাইপাস নিয়ে ডিও:
নাসের রহমানের অপর ডিও পত্রে মৌলভীবাজার শহরে দ্বিতীয় মনু সেতু নির্মাণ এবং বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
মৌলভীবাজার শহরের যানজট ও সড়কের ওপর বাড়তি চাপ কমাতে বাইপাসের দাবি স্থানীয়ভাবে দীর্ঘদিনের। শহরের ভেতর দিয়ে দূরপাল্লার ও ভারী যানবাহন চলাচল কমানো গেলে নগরবাসীর ভোগান্তি কমতে পারে।
অন্যদিকে দ্বিতীয় মনু সেতু নির্মাণ হলে শহরের যোগাযোগ ব্যবস্থায় বিকল্প সংযোগ তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে।
শুধু দাবি নয়, সরকারি দপ্তরে গেল চিঠি :
নাসের রহমানের ডিও পত্রের পর মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনার ফলে বিষয়গুলো এখন সংশ্লিষ্ট সরকারি দপ্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় এসেছে।
তবে মন্ত্রণালয়ের চিঠিতে কোনো প্রকল্প অনুমোদন বা নির্মাণকাজ শুরুর সিদ্ধান্তের কথা বলা হয়নি। সওজকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে। ফলে এখন পরবর্তী কারিগরি ও প্রশাসনিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে থাকতে হবে।
তিন প্রকল্প ঘিরে নতুন প্রত্যাশা :
কুশিয়ারা নদীর ওপর সেতু, দ্বিতীয় মনু সেতু এবং মৌলভীবাজার বাইপাস-এই তিনটি প্রকল্প বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে কুশিয়ারা সেতু হলে রাজনগর-বালাগঞ্জ যোগাযোগে নতুন দ্বার খুলতে পারে। আর দ্বিতীয় মনু সেতু ও বাইপাস বাস্তবায়িত হলে মৌলভীবাজার শহরের যানজট কমানো এবং সড়কের ওপর চাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
নাসের রহমানের ডিও পত্রের পর মন্ত্রণালয়ের এই নির্দেশনায় স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।



মন্তব্য করুন